জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৮:৫৫ পিএম
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার একদিনের মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের সহযোগী সদস্য হিসেবে নিবন্ধন ফরম পূরণ করেন সাদিক কায়েম। এ সময় ছাত্রশিবিরের সদ্যবিদায়ী আরও কয়েকজন নেতাও সদস্যপদের ফরম সংগ্রহ করেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেন। সংগঠনটিতে সর্বশেষ তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম চূড়ান্ত করা হয়। তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার বৈঠকে।

এখনও পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কোনো মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলীয় একাধিক সূত্রের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এবং তাকেই মনোনয়ন দেওয়া হতে পারে।

এম জি