জামায়াত আমির

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৮:০০ এএম
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার প্রশ্নে তাঁর দল কোনো ধরনের আপসের পথে হাঁটবে না। তিনি দাবি করেন, অতীতেও দলের নেতারা নীতির প্রশ্নে কঠিন মূল্য দিয়েছেন, কিন্তু অবস্থান থেকে সরে আসেননি।

রোববার রাতে সিলেট সার্কিট হাউসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১১ দলীয় জোটের নেতারাও উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমানের অভিযোগ, গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় আসা সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকার এবং গণভোটের ফল যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হলেও ফলাফলের ক্ষেত্রে প্রশ্ন রয়ে গেছে।

তবে বৃহত্তর জাতীয় স্থিতিশীলতার স্বার্থে তাঁদের দল নির্বাচনের ফল মেনে নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, সে সময় ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলে দেশে অস্থিরতা ও সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারত।

সীমান্ত এলাকায় চলমান উত্তেজনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ঘটছে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের গ্রেপ্তার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর মতে, বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া হবে কি না, তা সরকারের উদ্যোগের ওপর নির্ভর করছে।

বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে তাঁর দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। তিনি চরমপন্থী অবস্থানের পরিবর্তে গঠনমূলক ও মধ্যপন্থী রাজনৈতিক আচরণের পক্ষে মত দেন। একই সঙ্গে জাতীয় বিভিন্ন ইস্যুতে সংসদে সমাধান না এলে গণতান্ত্রিক আন্দোলনের পথও খোলা থাকবে বলে জানান।

প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, করনীতি ও অর্থনৈতিক পরিকল্পনার কিছু বিষয় এখনো স্পষ্ট নয়। বিশেষ করে দুর্নীতি দমন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং করের আওতা বৃদ্ধির বিষয়ে সরকারের অবস্থান আরও পরিষ্কার হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

সীমান্তে পুশইন পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন এমন কর্মকাণ্ডে জড়িত না হয়, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে। ধর্ম বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি, এলডিপি ও জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এএন