বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সংগঠনটির রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। সাদিক কায়েমও জানান, এটি সংগঠনের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ।
নিজের বিদায় প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক পুনর্গঠন বা ‘সেটআপ’ করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপের অংশ হিসেবেই তিনি দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন।
তবে তাঁর এই বিদায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, প্রায় দুই মাস আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে। গত ১ মে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে তাঁর প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।
প্রার্থী ঘোষণার পর ছাত্রশিবির স্পষ্টভাবে জানিয়েছিল, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। সেই সাংগঠনিক নীতির আলোকেই সাদিক কায়েমের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোকে সংশ্লিষ্টরা স্বাভাবিক ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ছাত্রশিবির থেকে বিদায়ের পর তিনি এখন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেবেন। যদিও এ বিষয়ে সাদিক কায়েম বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখনো আলাদা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সমন্বয়কের দায়িত্ব পালন করে জাতীয় পর্যায়ে পরিচিতি পান সাদিক কায়েম। সে সময় ‘সালমান’ ছদ্মনামে তিনি আন্দোলনের বিভিন্ন কর্মসূচি সমন্বয়, সংগঠকদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং গণমাধ্যমে তথ্য পৌঁছে দেওয়ার কাজে সম্পৃক্ত ছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর তিনি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন। খাগড়াছড়িতে শিক্ষাজীবন শুরু করা সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ছাত্রশিবিরে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৫-২৬ সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমেও সম্পৃক্ত ছিলেন সাদিক কায়েম। তিনি বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি এবং পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়ন নিয়ে কাজ করা ‘হিল সোসাইটি’র প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন