রাশেদ খান 

জামায়াত আমিরকে আসলে ভাইরাল রোগে পেয়েছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৫:১২ পিএম
জামায়াত আমিরকে আসলে ভাইরাল রোগে পেয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বন্যাকবলিত এলাকা পরিদর্শন নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, আমার মনে হয় জামায়াত আমিরের দায়িত্ব ছিল পানির মধ্যে নেমে যাওয়া নয়, তার নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিতে পারতেন। কিন্তু তাকে আসলে ভাইরাল রোগে পেয়েছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে রাশেদ খান বলেন, চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে ১০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি পাঁচটি জেলায় ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া বিশুদ্ধ পানি, স্যানিটেশন সামগ্রী, শিশুখাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীও কাজ করছে।

বন্যাকবলিত এলাকায় প্রশাসনের কেউ যায়নি- এমন অভিযোগও নাকচ করেন তিনি। রাশেদ খানের দাবি, জামায়াত আমিরের সফরের আগেই স্থানীয় সংসদ সদস্যরা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিরোধী দলের শীর্ষ নেতা হওয়ায় ডা. শফিকুর রহমানের সফর স্বাভাবিকভাবেই গণমাধ্যমে বেশি প্রচার পেয়েছে।

টকশোতে জামায়াত আমিরের পানিতে নেমে দুর্গত এলাকা পরিদর্শনের বিষয়টি নিয়েও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তাঁর ভাষায়, পাঞ্জাবি খুলে টি-শার্ট পরে পানিতে নেমে যে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা মূলত ভাইরাল হওয়ার প্রবণতারই বহিঃপ্রকাশ। তাঁর মতে, সরাসরি পানিতে নামার পরিবর্তে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিলেও দায়িত্ব পালন করা সম্ভব ছিল।

রাশেদ খান আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনও নিয়মিত বন্যাদুর্গত এলাকায় কাজ করছেন এবং পানিতে নেমে মানুষের পাশে থাকছেন। তবে তিনি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড করেননি বলেই সেই কাজ ততটা আলোচনায় আসছে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এএন