মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ২০২৬ বিশ্বকাপ ফুটবলের যাত্রা।
বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। আর রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় আসরের প্রথম লড়াই।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বসংগীতের জনপ্রিয় দুই তারকা শাকিরা ও বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
এ ছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ একসঙ্গে পরিবেশন করেন বিশ্বকাপের আরেক অফিসিয়াল সংগীত ‘ডিএনএ’। অনুষ্ঠানে আরও অংশ নেন জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া ব্যান্ড লোস অ্যাঞ্জেলেস আজুলিস। অন্যদিকে কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ পরিবেশন করেন মেক্সিকোর জাতীয় সংগীত।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ-যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা-যৌথভাবে এই বৈশ্বিক ফুটবল উৎসব আয়োজন করছে। শুধু আয়োজক দেশের সংখ্যাই নয়, আয়োজনের ধরনেও এসেছে নতুনত্ব। প্রচলিত রীতি থেকে সরে এসে টুর্নামেন্টের প্রথম দিনেই তিনটি পৃথক শহরে তিনটি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনো উজ্জ্বল ২০১০ সালের ১১ জুন। সেদিন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। সেই ম্যাচে পিটার ড্রুরির কণ্ঠে উচ্চারিত “গোল ফর অল আফ্রিকা!” আজও অনুরণিত হয় অনেকের মনে। ঠিক ১৬ বছর পর আরেক ১১ জুনে শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচে আবার মুখোমুখি হয়েছে একই দুই দল।
এদিকে ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের রেকর্ড গড়তে যাচ্ছে মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম। ফুটবলের ইতিহাসে এই স্টেডিয়ামের বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৭০ সালে এখানে বিশ্বকাপ জিতেছিলেন কালো মানিক পেলে এবং ১৯৮৬ সালে একই মাঠে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন