বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ সুপারস্টার

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:৪৫ পিএম
বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ সুপারস্টার

চলতি বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট' জয়ের লড়াই আরও জমজমাট হয়ে উঠেছে। এবারের আসরে গোলদাতার তালিকার শীর্ষে থেকে হাড্ডাহাড্ডি লড়াই করছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি এবং ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। তাঁদের ঠিক পেছনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন নরওয়ের এরলিং হালান্ড এবং ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।

ফিফা গোল্ডেন বুট মূলত টুর্নামেন্ট শেষে সর্বাধিক গোল করা খেলোয়াড়কে দেওয়া হয়। গত ২০২২ কাতার বিশ্বকাপে আটটি গোল করে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শেষে যদি দুই বা ততোধিক খেলোয়াড়ের গোলের সংখ্যা সমান হয়, তবে যিনি বেশি অ্যাসিস্ট (গোল করতে সহায়তা) করেছেন, তিনিই গোল্ডেন বুট পাবেন। অ্যাসিস্টের সংখ্যাও সমান হলে, মাঠে যিনি কম সময় খেলেছেন তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে।

চলতি ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে থাকা শীর্ষ ৫ তারকা হলেন:

  • কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৬ গোল, ২ অ্যাসিস্ট
  • লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৬ গোল, ০ অ্যাসিস্ট
  • এর্লিং হালান্ড (নরওয়ে): ৫ গোল, ০ অ্যাসিস্ট
  • ওসমান দেম্বেলে (ফ্রান্স): ৪ গোল, ২ অ্যাসিস্ট
  • ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল): ৪ গোল, ১ অ্যাসিস্ট

জেএইচআর