এমবাপ্পের পেনাল্টি গোলে শেষ আটে ফ্রান্স, এবার প্রতিপক্ষ মরক্কো

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৮:০৭ এএম
এমবাপ্পের পেনাল্টি গোলে শেষ আটে ফ্রান্স, এবার প্রতিপক্ষ মরক্কো

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ ষোলোর লড়াইয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলা প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ওঠে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ফিলাডেলফিয়ায়।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সামনে অপেক্ষা করছে মরক্কো। আগামী শুক্রবার রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে তাই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

তীব্র গরমে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের দখলে। তবে সংগঠিত রক্ষণ এবং শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলে ফরাসিদের বারবার হতাশ করে প্যারাগুয়ে। প্রথমার্ধে বেশিরভাগ সময় আক্রমণে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করতে পারেনি ইউরোপের দলটি।

বিরতির পর ম্যাচের গতি বাড়ায় ফ্রান্স। কিন্তু প্যারাগুয়ের রক্ষণভাগ ছিল আগের মতোই দৃঢ়। প্রতিপক্ষের ছন্দ নষ্ট করতে কার্যকর কৌশল অবলম্বন করায় ম্যাচটি ক্রমেই কঠিন হয়ে ওঠে এমবাপ্পেদের জন্য।

ম্যাচের ভাগ্য বদলে দেন বদলি খেলোয়াড় দেজিরে দুয়ে। বক্সের ভেতরে দুর্দান্ত ড্রিবলিংয়ের সময় ফাউলের শিকার হন তিনি। প্রথমে রেফারি খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন।

সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৭০তম মিনিটে স্পট-কিক থেকে গোলরক্ষককে পরাস্ত করে জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি অধিনায়ক। সেই একমাত্র গোলই ফ্রান্সকে এনে দেয় কোয়ার্টার ফাইনালের টিকিট।

এএন