শেষ মুহূর্তের নাটকীয় গোলে পর্তুগালকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় স্প্যানিশরা।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো। এই হারের মাধ্যমে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।
ম্যাচের প্রথমার্ধ ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণে ঠাসা। অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় স্পেন, তবে ওইয়ারজাবালের নেওয়া শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর পরপরই আক্রমণে ওঠে পর্তুগাল; ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। ৩৮তম মিনিটে জোয়াও ফিলিক্সের হেড এবং ফিরতি বলে রোনালদোর শট চমৎকার দক্ষতায় প্রতিহত করে স্পেনের রক্ষণভাগকে রক্ষা করেন সিমন। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র অনেকটাই বদলে যায়। স্পেনের একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে পর্তুগিজ ডিফেন্ডাররা, ফলে পর্তুগালের আক্রমণভাগ ছিল অনেকটাই নিষ্প্রভ। নির্ধারিত সময় শেষে ম্যাচটি যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে ডেডলক ভাঙেন স্পেন। ফেররান তোরেসের পাস থেকে বল পেয়ে পর্তুগালের জালে জড়ান বদলি হিসেবে মাঠে নামা মিকেল মেরিনো। শেষ পর্যন্ত এই ১-০ ব্যবধান ধরে রেখেই শেষ আট নিশ্চিত করে স্প্যানিশরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন