রেফারিকে ‘জালিম’ বলে মিশরের স্ট্রাইকার বললেন, ‘শিরোপা আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে’

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০২:২৮ পিএম
রেফারিকে ‘জালিম’ বলে মিশরের স্ট্রাইকার বললেন, ‘শিরোপা আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে’

স্বপ্নের মতো একটি বিশ্বকাপ ম্যাচ কাটছিল মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকোর। তাঁর করা গোলেই আর্জেন্টিনার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে রূপকথার জয়ের সুবাস পাচ্ছিল মিশর। তবে ম্যাচের শেষ ১৪ মিনিটে (৭৯ মিনিট থেকে যোগ করা সময় পর্যন্ত) আলবিসেলেস্তেরা এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তন করবে, তা হয়তো ভাবতেও পারেননি তিনি। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর চোখের জলকে সঙ্গী করে মাঠেই পড়ে থাকতে দেখা যায় মিশরের ফুটবলারদের।

ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে এখন রীতিমতো তোলপাড় ফুটবল বিশ্ব। ম্যাচে মিশরের একটি গোল বাতিল করার পাশাপাশি ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার ডি-বক্সের কাছে মোহাম্মদ সালাহকে করা একটি মারাত্মক ট্যাকলও এড়িয়ে যান তিনি। এমনকি বিষয়টি ভিএআর (VAR)-এ দেখার প্রয়োজনও মনে করেননি রেফারি। সেই কাউন্টার অ্যাটাক থেকেই পাল্টা আক্রমণে গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন এনজো ফার্নান্দেজ।

হৃদয়ভাঙা এই হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির কড়া সমালোচনা করেন মিশরের কোচ হোসাম হাসান। তাঁর দাবি, মিশর মাঠের ভেতর সঠিক ন্যায়বিচার পায়নি।

একই অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিয়েছেন মিশরের হয়ে গোল করা স্ট্রাইকার মোস্তফা জিকো। ম্যাচ শেষে মাঠেই সাক্ষাৎকার দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। রেফারিকে ‘জালিম’ আখ্যা দিয়ে জিকো বলেন, “রেফারি আমাদের প্রতি তীব্র অন্যায় করেছেন। তিনি একজন জালিম।”

এই সময় তিনি পবিত্র কোরআনের আয়াত- ‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল’ (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক) তিলাওয়াত করেন। ক্ষোভ প্রকাশ করে জিকো আরও বলেন, “রেফারি আজ একটি পুরো জাতির দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও স্বপ্ন এক নিমেষে নষ্ট করে দিয়েছেন।”

টানটান উত্তেজনার সেই সাক্ষাৎকারের একেবারে শেষ দিকে জিকো এক গুরুতর অভিযোগ তুলে বলেন, “এই বিশ্বকাপের শিরোপা আগে থেকেই আর্জেন্টিনার দিকে পরিচালিত হচ্ছে।” মিশরের এই স্ট্রাইকার এমন বিস্ফোরক মন্তব্য করার পরপরই টেলিভিশন সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়।

জেএইচআর