মরক্কোকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৪:১৩ এএম
মরক্কোকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

আফ্রিকান পরাশক্তি মরক্কোকে বিদায় করে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে দাপুটে ফুটবল খেলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশামের শিষ্যরা। পুরো ম্যাচ জুড়েই ফরাসিদের একক আধিপত্যের সামনে বেশ অসহায় দেখিয়েছে আশরাফ হাকিমিদের।

‎​ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। ২৫তম মিনিটে মরক্কোর ডি-বক্সে নুসাইর মাজরাউয়ি ফাউল করলে ভিএআর (VAR) পরীক্ষার পর ফ্রান্সের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তবে কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টি শটটি দুর্দান্ত ডাইভে রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এরপর ৩২তম মিনিটে দেজিরে দুয়ের একটি নিশ্চিত গোলের শটও নস্যাৎ করে দেন বুনু। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য ব্যবধানে।

‎​দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ফরাসিরা। ম্যাচের ৬০তম মিনিটে ডেডলক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া এক বিদ্যুৎগতির নিখুঁত শট মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স।

এবার এমবাপ্পের বাড়ানো পাস থেকে ডি-বক্সের ঠিক বাইরে বল পেয়ে শট নেন উসমান দেম্বেলে। শটটি খুব বেশি জোরালো না হলেও ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ায়। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

‎জেএইচআর