ফ্রান্স ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল সামনে রেখে ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রেফারিদের তালিকা প্রকাশ করেছে ফিফা। বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন এল সালভাদরের ইভান বারটন।
চলতি বিশ্বকাপে এটি হবে বারটনের চতুর্থ ম্যাচ পরিচালনা। এর আগে তিনি গ্রুপ পর্বে তুরস্ক–প্যারাগুয়ে ও জাপান–সুইডেন ম্যাচে এবং শেষ ষোলোতে কলম্বিয়া–সুইজারল্যান্ডের ম্যাচে দায়িত্ব পালন করেন।
কনকাকাফ অঞ্চলের অন্যতম অভিজ্ঞ এই রেফারি দীর্ঘদিন ধরে নেশনস লিগ ও গোল্ড কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করে আসছেন। ২০২২ কাতার বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকাপে তার অভিষেক ঘটে।
চলতি আসরে তুরস্ক–প্যারাগুয়ে ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনায় আসেন বারটন। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনের আচরণ ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করে তাকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। বিশ্বকাপের ইতিহাসে মুখ ঢেকে কথা বলার ঘটনায় এটিই ছিল প্রথম লাল কার্ডের নজির।
ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স-স্পেন সেমিফাইনালে বারটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারি থাকবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন মাহবোদ বেগি।
এই ম্যাচ পরিচালনার মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ইভান বারটন। পুরুষদের বিশ্বকাপে সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে নাম লেখাবেন তিনি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন