স্পেনের প্রধান দুশ্চিন্তা এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:৩৫ এএম
স্পেনের প্রধান দুশ্চিন্তা এমবাপ্পে

ফুটবল মাঠে কিলিয়ান এমবাপ্পে মানেই এক আতঙ্কের নাম। চলমান বিশ্বকাপের সেমিফাইনালে মঙ্গলবার রাতে ডালাসে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। আর এই মহারণে স্পেনের রক্ষণভাগের পরিকল্পনায় সবচেয়ে বড় ‘শত্রু’ বা বাধা হিসেবে দেখা হচ্ছে ফরাসি অধিনায়ক এমবাপ্পেকে।

ইতিমধ্যে চলমান বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে অলিভিয়ে জিরুকে টপকে ফ্রান্সের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা হয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ১০৪ ম্যাচে ৬৪ গোল করে তিনি এখন ফরাসি ফুটবলের শীর্ষে। এছাড়া সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন লিওনেল মেসির ঠিক পেছনেই অবস্থান করছেন তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের গোল ও অ্যাসিস্টের সংখ্যা এখন ১৪। বিশেষ করে, বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক আটটি ম্যাচজয়ী গোল করে তিনি একাই শীর্ষে আছেন। তবে শুধু গোল করাই নয়, মাঠে তাঁর নেতৃত্বই ফ্রান্স দলকে টেনে নিয়ে যাচ্ছে। গত দুই বিশ্বকাপে ৮টি গোল ও ২টি অ্যাসিস্ট করে ১৯৬৬ সালের পর একমাত্র ফুটবলার হিসেবে পরপর দুটি আসরে এমন অনন্য কীর্তি গড়লেন তিনি।

২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জয় এবং ২০২২ সালে ফাইনালে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে এবারও শিরোপায় চোখ রাখছেন। সেমিফাইনালের আগে নিজের দলের ক্ষুধা প্রকাশ করে তিনি বলেন, আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, রানার্সআপও হয়েছি, কিন্তু এই বর্তমান দলটির একসঙ্গে এখনো বড় কিছু অর্জন করা বাকি।

পরিসংখ্যান ও ফুটবল বিশ্লেষকদের চোখে আজকের সেমিফাইনালে ফ্রান্সই কিছুটা এগিয়ে। ফুটবল বিষয়ক ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান 'অপটা'-র হিসাব অনুযায়ী, স্পেনের বিপক্ষে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৭ শতাংশের বেশি এবং শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় ৩৪ শতাংশ।

স্পেন দলে যখন লামিন ইয়ামালের মতো নতুন প্রজন্মের তরুণ প্রতিভা আলো ছড়াচ্ছেন, তখন ২৭ বছর বয়সী এমবাপ্পে অভিজ্ঞতার সাথে তারুণ্যের গতি নিয়ে ফ্রান্সকে নেতৃত্ব দিচ্ছেন। এখন দেখার বিষয়, স্পেনের রক্ষণভাগকে চূর্ণ করে এমবাপ্পে তাঁর দলকে ফাইনালে নিয়ে যেতে পারেন কি না।

জেএইচআর