সৌদির কাছে হারের ম্যাচের সেই রেফারিকেই ফাইনালে পাচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৯:১৩ এএম
সৌদির কাছে হারের ম্যাচের সেই রেফারিকেই ফাইনালে পাচ্ছে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই লড়াই।

রেফারি হিসেবে ভিনচিচের নাম ঘোষণার পর আবারও আলোচনায় উঠে এসেছে ২০২২ কাতার বিশ্বকাপের একটি স্মরণীয় ম্যাচ। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ২-১ গোলের অপ্রত্যাশিত হারের সেই ম্যাচও পরিচালনা করেছিলেন তিনিই। সেটিই এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বশেষ পরাজয়।

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউরোপের অন্যতম অভিজ্ঞ এই ম্যাচ কর্মকর্তা এর আগে উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালসহ ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

চলমান বিশ্বকাপে এটি হবে তার ষষ্ঠ ম্যাচ। এর আগে তিনি আর্জেন্টিনা-সৌদি আরব, ওয়েলস-ইংল্যান্ড, ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। এই পাঁচ ম্যাচে তিনি ১৫টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন।

গত বছর ক্লাব বিশ্বকাপেও দায়িত্ব পালন করেন ভিনচিচ। রিভার প্লেট ও মেক্সিকোর মন্টেরের মধ্যকার ম্যাচে তিনি রিভার প্লেটের মিডফিল্ডার কেভিন কাস্তানিওকে লাল কার্ড দেখান।

তবে তার ক্যারিয়ারে একটি বিতর্কিত ঘটনাও রয়েছে। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় পুলিশের এক অভিযানের সময় তাকে আটক করা হয়েছিল। ওই অভিযানে পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। যদিও শুরু থেকেই ভিনচিচ দাবি করে আসছেন, তিনি কেবল একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না।

পরবর্তীতে তদন্তে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও তখন জানায়, তিনি ‘ভুল সময়ে ভুল জায়গায়’ উপস্থিত ছিলেন এবং ঘটনাটি ছিল একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝি।

বিশ্বকাপ ফাইনালে ভিনচিচকে সহায়তা করবেন তার স্বদেশি সহকারী রেফারি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ।

এএন