বিশ্বকাপে প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থ হওয়ার পর জুলিয়ান নাগেলসম্যানের উত্তরসূরি হিসেবে জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান ফুটবল ফেডারেশন শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।
শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন ক্লপ।
নতুন দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, অন্য কিছু তা পারে না। এ কারণেই এই দায়িত্ব আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।’
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের আগে কিছুদিন বিরতিতে থাকলেও এখন নতুন উদ্যম ও শক্তি নিয়ে আবারও কোচিংয়ে ফিরতে প্রস্তুত।
২০২৪ সালে লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ সময় কোচিংয়ের বাইরে ছিলেন ক্লপ। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে রেড বুলের ফুটবলবিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব নেন। এছাড়া সর্বশেষ বিশ্বকাপ চলাকালে ম্যাজেন্টা টিভির বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন।
জার্মানির দায়িত্ব নিয়েই ব্যস্ত সূচির মুখোমুখি হচ্ছেন এই অভিজ্ঞ কোচ। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত মাত্র ১১ দিনের ব্যবধানে উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তার দল।
সাম্প্রতিক বিশ্বকাপে টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এবার নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল জার্মানি। তবে শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। ওই হতাশাজনক ফলের পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান জুলিয়ান নাগেলসম্যান।
নাগেলসম্যানের অধীনে তিন বছর খেলেছে জার্মানি। এই সময়ে দলের সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠা। তবে সেই আসরেও স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় জার্মানদের।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন