ইতিহাসবিদের নতুন আবিষ্কার

চাইলেই ব্রাজিলের হয়ে খেলতে পারতেন মেসি!

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৫:১৩ পিএম
চাইলেই ব্রাজিলের হয়ে খেলতে পারতেন মেসি!
ছবি: এআই নির্মিত

ফুটবল বিশ্বের অন্যতম মহানায়ক লিওনেল মেসিকে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি ছাড়া অন্য কোনো রূপে ভাবা অসম্ভব। তবে সাম্প্রতিক এক চমকপ্রদ ঐতিহাসিক গবেষণায় এমন এক তথ্য সামনে এসেছে যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে- চাইলেই মেসি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারতেন!

দীর্ঘ তিন বছর ধরে চলা এক বংশগত অনুসন্ধানের পর ইতালীয় ইতিহাসবিদ ফিওরেনজো সান্তিনি দাবি করেছেন, মেসির মায়ের পরিবারের আদি শিকড় লুকিয়ে আছে ব্রাজিলে।

গ্লোবো-এর তথ্যের ওপর ভিত্তি করে ইয়াহু স্পোর্টস জানায়, মেসির মাতৃকুলের এক প্রপিতামহ (মায়ের দাদার বাবা) বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের রিবেইরাও প্রেতো শহরে জন্মেছিলেন।

পরবর্তীতে, আনুমানিক ১৯০৫ সালের দিকে তাঁদের পরিবার আর্জেন্টিনার রোজারিও শহরে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই পারিবারিক যোগসূত্রের কারণে আইনগতভাবে ব্রাজিলের নাগরিকত্ব পাওয়ার অধিকার ছিল মেসির, যা তাঁর সামনে সেলেসাওদের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার দুয়ার খুলে দিতে পারত।

শুধু ব্রাজিলই নয়, পারিবারিক ঐতিহ্যের সূত্রে ইতালির হয়ে খেলার যোগ্যতাও ছিল ফুটবল জাদুকরের। পাশাপাশি, মাত্র ১৩ বছর বয়স থেকে স্পেনে বড় হওয়া এবং সেখানে ফুটবল ক্যারিয়ার গড়ে তোলার কারণে স্পেন জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগও তাঁর সামনে এসেছিল।

একসময় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) মেসিকে স্পেনের দলে ভেড়ানোর জন্য সব ধরনের চেষ্টা চালিয়েছিল। তবে শৈশবের সব টান উপেক্ষা করে মেসি বেছে নিয়েছিলেন নিজের ভালোবাসার জন্মভূমি আর্জেন্টিনাকেই।

স্পেনের সাবেক সফল কোচ ভিসেন্তে দেল বস্কে একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “মেসিকে স্পেনের হয়ে খেলানোর জন্য ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু লিওনেল সেই প্রস্তাবে রাজি হয়নি, কারণ সে নিজের দেশকে মনেপ্রাণে ভালোবাসে। সে যদি আমাদের দলে খেলত, তবে তা হতো দারুণ এক ব্যাপার। মেসি তো মেসিই- ওর বিকল্প আর কেউ নেই। তাকে কোচিং করানো আমার কাছে স্বপ্নের মতো মনে হতো।”

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও নিজের চিরচেনা জাদুকরী পারফরম্যান্স উপহার দেন মেসি। তাঁর দুর্দান্ত নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করে আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা নিজের কিংবদন্তি মর্যাদাকে আরও একবার আকাশে তুলে ধরেন।

এই ঐতিহাসিক গবেষণায় আরও একটি মজার তথ্য জানা গেছে; রোজারিওতে আসার পর মেসির মায়ের পরিবারের মূল পদবি 'কোচ্চেত্তিনি' কিছুটা বদলে 'কুচ্চিত্তিনি' করা হয়, যা পরবর্তীতে তাদের স্থায়ী পারিবারিক পদবি হিসেবে রূপ নেয়।

বর্তমানে বিশ্বকাপ-পরবর্তী বিরতিতে সময় কাটাচ্ছে আর্জেন্টিনা দল। সেপ্টেম্বর এবং অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে আলবিসেলেস্তেদের মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও কোনো ম্যাচ এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে, মেসি বর্তমানে মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে নিজের শতভাগ ফিটনেস ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবছেন।

সূত্র: গোলডটকম

এএন