আমার সংবাদ ডেস্ক
মার্চ ২৫, ২০২৬, ০৫:২৫ পিএম
রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি জেলার ওপর দিয়ে আজ রাতে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৫ মার্চ) বিকেলে দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ বিকেল ৬টার পর থেকে রাত ১০টার মধ্যে রাজধানী ঢাকার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
এছাড়া বিকেল ৪টা থেকে রাত ১২টার মধ্যে টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও মানিকগঞ্জ জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। একই সময়ে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, যশোর, খুলনা, মাগুরা, বরিশাল, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়েও কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করতে পারে।
জনসাধারণকে এই প্রতিকূল আবহাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জেএইচআর