আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ৯, ২০২৬, ০৫:৫৩ পিএম
রাজধানীর মার্কেট ও দোকানের সামনে বা ফুটপাতে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি মালামাল সরিয়ে না নিলে ট্রেড লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ডিএসসিসি।
বৃহস্পতিবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানায়, তাদের আওতাধীন বিভিন্ন মার্কেট ও দোকানের সামনে পণ্য রেখে ফুটপাত দখল করার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতি জনস্বার্থের পরিপন্থী হওয়ায় ব্যবসায়ীদের নিজ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকানের ট্রেড লাইসেন্স বাতিলসহ প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এরই মধ্যে ফুটপাত দখলমুক্ত করতে নগরজুড়ে অভিযানও শুরু করেছে ডিএসসিসি, যা চলমান থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এম জি