আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৫৫ পিএম
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, বিরোধী দলের অনেকেই তাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বক্তব্য প্রদানকালে ফজলুর রহমান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরকে ইঙ্গিত করে বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করতে পারে না। যদি কেউ করে থাকে, তবে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।
তাঁর এই মন্তব্যের পরই সংসদে বিরোধী দলের সদস্যরা তীব্র হট্টগোল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়। তখন মনে হয়, হয়তো আমি মরে গেলেই ভালো হতো।
তিনি আরও যোগ করেন, এই বাংলায় শুধু বেলি-চামেলি ফোটে না, রক্তজবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, রয়েল বেঙ্গল টাইগারও আছে। যতদিন বাঘ থাকবে, মুক্তিযোদ্ধারা জয়ী হবে, রাজাকাররা কোনোদিন জয়ী হতে পারবে না।
সংসদ সদস্য ফজলুর রহমান দাবি করেন, বিরোধী দলে যারা বসে আছেন, তারা নিজেদের সভ্য দাবি করলেও তাকে ‘ফজা পাগলা’ বলে ডাকেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন, যার প্রেক্ষিতেই আজ সংসদে এই বিতর্কের সূত্রপাত হয়।
জেএইচআর