নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:১৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর একাংশ) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে রুমিন ফারহানা বলেন, “আমি গত ১৭ বছর অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি। এলাকার মানুষের দোয়া নিয়ে আমি নির্বাচন চালিয়ে যাব।”
দলীয় জোটের সিদ্ধান্তে এই আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে রুমিন বলেন, “এলাকার মানুষের একটাই দাবি ছিল যেন জোট না দেওয়া হয়, কিন্তু সেই আকুতি গ্রাহ্য করা হয়নি। আমার প্রতি যে অন্যায় হয়েছে, ভোটাররা ভোটের মাধ্যমেই তার জবাব দেবেন।”
নির্বাচনী প্রতীকের বিষয়ে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক ‘হাঁস’ হওয়ার সম্ভাবনা রয়েছে। রুমিন ফারহানা তার বাবার রাজনৈতিক ইতিহাসের স্মৃতি চারণ করে বলেন, ১৯৭৩ সালের নির্বাচনে তার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন, যদিও পরবর্তীতে ফলাফল বদলে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে লড়বেন। রুমিন ফারহানার এই বিদ্রোহী প্রার্থিতা আসনটিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ রুমিনের পক্ষে মাঠে নামায় জোট প্রার্থীর জন্য লড়াইটি বেশ কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইএইচ