আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:৫৫ পিএম
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, ভালোবাসা দিবস উদযাপন বা এই দিনে হওয়া অসামাজিক কর্মকাণ্ডকে জায়েজ মনে করলে ইমান নষ্ট হয়ে যেতে পারে। রোববার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, ভালোবাসা দিবস বাংলাদেশের প্রেক্ষাপটে অসামাজিক সম্পর্ক ও ব্যভিচারের জন্য নির্দিষ্ট একটি দিন। শরিয়ত বিরোধী কোনো কাজ নিজে করার চেয়েও গুরুতর অন্যায় হলো সেটির প্রচার ও প্রসারে শামিল হওয়া। এটি আমাদের ইমানি চেতনার জন্য চরম হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, কোনো অন্যায় কাজে লিপ্ত হলে কেউ সরাসরি ইসলাম থেকে খারিজ হয় না। তবে ওই কাজকে যদি কেউ মনে মনে বৈধতা দেয় বা দূষণীয় মনে না করে, তবে সে নিজে ওই কাজে লিপ্ত না হয়েও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।
‘সেন্ট ভ্যালেন্টাইন ডে’-কে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ হিসেবে প্রচার করাকে তিনি অসাধুতা বলে অভিহিত করেন। তিনি জানান, এই বাক্যের অর্থ কোনোভাবেই ভালোবাসা দিবস নয়। পৃথিবীর অন্য কোথাও একে নিছক ভালোবাসা দিবস হিসেবে নামকরণ করা হয়নি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন ধর্মযাজক। তাঁর নামের সাথে জড়িত একটি ধর্মীয় বিষয়কে সেকুলার শব্দের মোড়কে সবার কাছে উপস্থাপন করা এক ধরনের ভুল তথ্য। এটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি কৌশল মাত্র।
তিনি প্রশ্ন তোলেন, এই দিনে কয়জন সন্তান তার বাবা-মাকে বা কয়জন স্বামী-স্ত্রী একে অপরকে ভালোবাসা নিবেদন করেন। তাঁর মতে, এই দিবসে তথাকথিত যে ভালোবাসা নিবেদন হয়, তা মূলত বিবাহবহির্ভূত সম্পর্ক। মূলত অসামাজিক কর্মকাণ্ড ও ব্যভিচারের জন্যই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে।
জেএইচআর