মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে জমিসহ ঘর পেল আরও ১০টি "ক" শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার। এনিয়ে লাকসামে ১৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে।
তৃতীয় পর্যায়ে ২য় ধাপে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সেের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে ২১ জুলাই (বৃহস্পতিবার) সকালে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, উপকারভোগী গৃহহীন পরিবার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা মতিন জানান, সারাদেশে ৬৪টি জেলায় ৩য় পর্যায়ে ২য় ধাপে আজ ২৬ হাজার ২শ' ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দুই শতক জমিসহ আধা পাকা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
এরমধ্যে লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি গুচ্ছগ্রামে ২টি, আজগরা ইউনিয়নের কৃষ্ণপুর গুচ্ছগ্রামে ২ টি ও গোবিন্দপুর ইউনিয়নের বড় ইছাপুরা মৌজায় ৬ টিসহ ১০টি পরিবারের হাতে ঘরের দলিল, খারিজ খতিয়ান, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঘরের চাবি তুলে দেয়া হয়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশব্যাপী গৃহ নির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন পর্যন্ত উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে ১৪৭টি পরিবারকে "ক" শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে যাচাইবাছাই করা হয়েছে।
ইতোপূর্বে সরকারি বরাদ্দকৃত অর্থে ১০৩টি এবং ব্যক্তি পর্যায়ে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি আরও ৫টি ঘরসহ ১০৮টি ঘর ১ম, ২য়, ও ৩য় পর্যায়ে (১ম ধাপে) প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।
এছাড়াও ৩য় পর্যায়ে ৪টি ধাপে লাকসাম উপজেলায় ৮২টি "ক" শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ পেয়েছি।
তন্মধ্যে ৩য় পর্যায়ের (১ম ধাপে) আরও ৩৮টি ঘর ইতোপৃর্বে হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে (২য় ধাপে) আরও ১০টি ঘর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে হস্তান্তর করা হয়। এনিয়ে লাকসাম উপজেলায় এ পর্যন্ত ১৫৬টি ঘর হস্তান্তর করা হয়েছে।
এদিকে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমারসংবাদ/টিএইচ