সমাজকল্যাণমন্ত্রী

সবাইকে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৫:৩৫ পিএম

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, “সবাইকে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা বসবাস করতে চাই। যেখানে কোনো হিংসা-বিদ্বেষ থাকবে না। আর প্রত্যেক ইউনিয়নে কমপক্ষে একটি করে খেলার মাঠ থাকবে, যেখানে বাচ্চারা বিভিন্ন খেলাধুলা করতে পারবে। আমি চাই, আমাদের আগামী প্রজন্ম খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবল হয়ে উঠুক। ফুটবল, ভলিবলসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে, যা ছেলে ও মেয়ে—উভয়ের জন্যই হবে।”

শুক্রবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা ইনডোর স্টেডিয়ামে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) খাতের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরসমূহে দেশি ছোট মাছ চাষ প্রদর্শনীর উপকরণ, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে গাছের চারা, শাকসবজির বীজ, মরিচের বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় সরকার থেকে প্রাপ্ত মন্ত্রীর বিশেষ বরাদ্দের আওতায় বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে স্থানীয় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, ওসি আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজাসহ অন্যান্যরা।

এএন