টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০২২, ১০:০২ এএম

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় যাত্রীবা‌হী বাস ও ট্রা‌কের মুখোমু‌খি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

রোববার (২৪ জুলাই) ভোর ৫ টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই ) জ্বিলকদ হোসেন বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা মারে।

এসআই আরও বলেন, এতে হানিফ বাসের চালক ও ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও ১০ জন গুরুতর আহত হন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন ও দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধারে পুলিশ কাজ করছে।


আমারসংবাদ/টিএইচ