ফটিকছড়ি উপজেলার ভূজপুরে রাজা স্পেশাল বল সাবান কারখানা ও গোডাউনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন। অভিযানে কারখানার মালিক আমান উল্লাহকে কারাদণ্ড প্রদান ও জরিমানা আদায় করেন।
হাজী এজাহার মিয়া সোপ এন্ড সন্স নামের(রাজা স্পেশাল বল সাবান) কারখানার মালিক মো. আমান উল্লাহ (৩৫)। সে উপজেলার ভূজপুর ইউনিয়নেরএজাহার মিয়ার পুত্র।
জানা গেছে, বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্যের মোড়কে বিএসটিআই এর লোগো ব্যবহার করে সাবান প্রস্তুত ও বাজারজাতকরণের তথ্য পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার মোঃ মাহফুজুর রহমান, গোয়েন্দা সংস্থা ও ভূজপুর থানার পুলিশ ওই কারখানায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে তথ্যের সত্যতা পেয়ে কারখানা মালিক আমান উল্লাহ কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ১লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে অন্তত ১কোটি টাকার বেশি মালামাল জব্দ করে কারখানাটি বন্ধ করা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন বলেন, বিএসটিআইয়ের দেয়া তথ্যমতে- এ কোম্পানির লাইসেন্সের মেয়াদ ২০২২ সালে শেষ হয়। লাইসেন্স নবায়নের আবেদন করলেও টেস্টে পণ্যটি অনুত্তীর্ণ হওয়ায় তাদের প্রত্যাখান পত্র প্রদান করা হয়। এক্ষেত্রে এ পণ্য বাজারজাত করণ নিষিদ্ধ করা হয়। কারখানা মালিক আদেশ অমান্য করে পণ্যটি বাজারজাত অব্যাহত রাখে।
বিআরইউ