গৌরনদী পৌরসভার উপনির্বাচন: দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ০৪:১৩ পিএম
  • প্রার্থীর পক্ষে টাকা গ্রহণ করায় প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৩
  • ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম

বরিশালে অনৈতিক কাজের জন্য প্রার্থীর পক্ষে টাকা গ্রহণ করায় প্রিজাইডিং অফিসার ম্যানেজার সোনালী ব্যাংক গৌরনদী শাখার সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার উত্তর কাণ্ড পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জাতীয় মহিলা সংস্থার মাঠ সংগঠক সঞ্জয় কুমার ভদ্রকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

তিনি জানান, একজন প্রার্থী গতকাল রাতে প্রিজাইডিং অফিসারকে ৫ হাজার, সহকারী প্রিজাইডিং অফিসার দুইজনকে ৪ হাজার টাকা করে দিয়ে যায় বলে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং চাকুরিচ্যুত করার প্রস্তাব করা হবে বলেও জানান তিনি।

এদিকে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে চলছে বরিশালের আলোচিত গৌরনদী পৌরসভার উপনির্বাচনে। নির্বাচনের শুরুতেই দক্ষিণ পালরদী মৎস্যবীজ উপাদান খামার ভোট কেন্দ্রের সামনে নারকেল গাছ প্রতীকের আলাউদ্দিন ভুঁইয়া ও মোবাইল ফোন মার্কার জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় সাবেক দুই কাউন্সিলরসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্টদের ও ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া ভোটগ্রহণ শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রের সামনে জয়নাল আবেদীনের লোকজন হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ফলে শুরু থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল।

অন্যদিকে নারিকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভুঁইয়ার বিরুদ্ধে তার এজেন্ট বের করে দেয়ার অভিযোগ আনেন জয়নাল আবেদীন। গৌরনদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭হাজার ২শ ৪৩জন।

উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদটি শূন্য হয়ে পরে। এ পৌরসভার ১৪টি কেন্দ্রে ৩৭ হাজার ২৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্র ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অন্যদিকে মোবাইল ফোন মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সমর্থকরা ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। মুমূর্ষু অবস্থায় মাসুমকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ সময় উত্তেজিত জনতা পাল্টা হামলা চালিয়ে সোহান খানকে পিটিয়ে আহত করে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাসেমাবাদ হাই মার্কেট থেকে কয়েকজন সঙ্গী নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা মাসুম। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য সোহান খান ও মিদুল সরদারের নেতৃত্বে মোবাইল ফোন মার্কার বহিরাগত সমর্থক রাসেল রাঢ়ি, রাজিব রাঢ়ী ১০/১২ নারিকেল গাছ মার্কার সমর্থক মাসুমকে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। এ ঘটনা ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা ধাওয়া করে সোহান খানকে পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইএইচ