নাটোরের ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

নাটোর প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০১:৩৮ পিএম

নাটোরের ভাষা সৈনিক ও ইউনাইটেড মেডিক্যালের স্বত্বাধিকারী ফজলুল হক (৮৪) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ভাষাসৈনিক ফজলুল হকের ছেলে মো. ওয়াসিফ-উল-হক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ফজলুল হক ১৯৩৮ সালে নাটোর জেলার সিংড়া উপজেলার দমদমা গ্রামে জন্মগ্রহণ করেন। জেলা বোর্ডের সেকশন অফিসার হিসেবে সরকারি চাকরি করেছেন তিনি।
অবসরের পর ফজলুল হক নাটোর শহরে ওষুধ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন। নাটোর ইউনাইটেড মেডিকেল হলের স্বত্বাধিকারী ছিলেন তিনি।

পারিবারিক ও বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, ১৯৫২ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায় মাতৃভাষা বাংলার জন্য রাজপথে নেমে আন্দোলন করেছিলেন ফজলুল হক। অথচ ভাষা আন্দোলনের ৭১ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি এ ভাষা সৈনিক। ২০১০ সালে অনুষ্ঠিত নাটোর সরকারি বালক বিদ্যালয় শতবর্ষ উৎসবে ভাষা আন্দোলনে অনন্য ভূমিকা রাখায় তাকে সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ যোহর নাটোর কেন্দ্রীয় ইদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

বিআরইউ