মাগুরায় পরিবহন খাতে অনিয়মে জনমনে ক্ষোভ, গ্রেপ্তার ১

মাগুরা প্রতিনিধি: প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৩:২২ পিএম

মাগুরা জেলা সদরের ঢাকা রোড এলাকায় দীর্ঘদিন ধরে পরিবহন খাতে চলা চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ চরমে উঠেছে। এরই মধ্যে এক স্ট্যাডারকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মাগুরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ গোলাম রসূল (৪৫) নামের ওই স্ট্যাডারকে আটক করে। তিনি মাগুরা সদর উপজেলার পাল্লা উত্তরপাড়া এলাকার বাসিন্দা, মৃত আজহার মোল্লার ছেলে।

পুলিশ জানায়, আটক গোলাম রসূল ঢাকা রোড এলাকায় চলাচলরত বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন থামিয়ে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে নিজের পছন্দের পরিবহনে উঠতে বাধ্য করতেন। এ ছাড়া যাত্রী ও চালকদের কাছ থেকে আদায় করতেন চাঁদা।

ঘটনার সূত্রপাত এক ট্রাকচালকের সঙ্গে চাঁদা চাওয়ার সময়। পাশেই থাকা এক ব্যক্তি মোবাইলে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে গোলাম রসূল মোবাইল ছিনিয়ে নিতে যান, তবে ব্যর্থ হন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ তৈরি হয় এবং পুলিশের নজরে আসে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ‘ভিডিওটি হাতে পাওয়ার পরই আমরা অভিযানে যাই এবং অভিযুক্তকে আটক করি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরিবহন সেক্টরে কেউ আইন নিজের হাতে তুলে নিলে ছাড় দেওয়া হবে না।’

স্থানীয়দের অভিযোগ, মাগুরার প্রধান সড়কগুলো এবং যানবাহন স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে এ ধরনের চাঁদাবাজি চলছে। যাত্রীদের পছন্দের পরিবহন বেছে নেওয়ার স্বাধীনতা নষ্ট হচ্ছে। পাশাপাশি পরিবহন খরচ বাড়ছে, সময় ও রুট নিয়েও তৈরি হচ্ছে বিশৃঙ্খলা।

একাধিক স্থানীয় সূত্র জানায়, এসব স্ট্যাডার অঘোষিতভাবে সরকারি জায়গায় অবৈধ কাউন্টার চালাচ্ছেন এবং প্রভাব বিস্তার করে পরিবহন শ্রমিক ও যাত্রীদের চাপে রাখছেন।

মাগুরার সচেতন নাগরিক সমাজ এ ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে স্থায়ী ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বিআরইউ