সিলেট জেলা প্রশাসন

লুট হওয়া পাথর ফেরত দেয়ার নির্দেশ

সিলেট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১০:৩৯ এএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজ খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে সিলেট জেলা প্রশাসন। 

শনিবার রাতে জেলা প্রশাসক সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যার পর কারো কাছে সাদা পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এই পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের কাজে সর্বাত্মক সহযোগিতার জন্য কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এই দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি অবহিত করা হয়েছে।

জানা যায়, সাদাপাথরে লুট হওয়া পাথর উদ্ধারে শনিবার কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করা হয়েছে। সভা শেষে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। 

যার মধ্যে রয়েছে সোমবার বিকাল ৫টার মধ্যে যাদের কাছে এখনো সাদাপাথর আছে তারা নিজ খরচে, নিজ উদ্যোগে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পৌঁছে দেবেন। যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ তাই এ পাথর উদ্ধারে তাদেরও দায় রয়েছে। যার যার এলাকায় খোঁজখবর নিয়ে পাথর ভোলাগঞ্জে পৌঁছানোর বিষয়ে উদ্যোগ নেবেন তারা।

জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, এখনো কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় কিছু পাথর অনেকে লুকিয়ে রেখেছেন।

এই সময়ের পর যার কাছে সাদা পাথর পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর পাওয়া যাবে ওই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ প্রক্রিয়ার মধ্যেই পাথর লুটের মূলহোতাদের আইনের আওতায় আনার কাজও চলবে।

জেএইচআর