কয়রায় ৯ দিন ধরে নিখোঁজ শিশু, খোঁজ না পেয়ে এলাকাবাসীর মানববন্ধন

তারিক লিটু, কয়রা (খুলনা) প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৪:৩৫ পিএম

খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামে প্রথম শ্রেণীর শিক্ষার্থী সামিরা (৬) টানা ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এখনও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার ও স্থানীয়রা বিক্ষোভ এবং মানববন্ধনের মাধ্যমে মেয়েটির সন্ধান দাবি করেছেন।

বুধবার সকালে ঘুগরাকাটি বাজারের মাদ্রাসা গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন নিখোঁজ সামিরার পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সবার মুখে ছিল একটিই দাবি—“সামিরাকে খুঁজে বের করুন।”

নিখোঁজ শিশুটির বাবা মো. শাহআলম গাতিদার বলেন, “আমার মেয়েটা ৯ দিন ধরে কোথায় আছে জানি না। কে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে কিছুই বুঝতে পারছি না। আমরা শুধু চাই, আমাদের মেয়েকে যেন ফেরত পাই।”

সামিরার পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর কোযরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য মেলেনি।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন। তারা বলেন, “একটি শিশু নিখোঁজ, অথচ পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—অবিলম্বে সামিরার সন্ধান দিন।”

বক্তব্য রাখেন মো. আব্দুল মান্নান গাতিদার, আব্দুস সামাদ, ইয়াছিন আলী ও জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক জানান, “নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। খুলনা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন।”

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট বিকেলে সামিরা ঘুগরাকাটি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।

ইএইচ