কয়রায় প্রবাসীর পরিবারের ওপর হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

তারিক লিটু,কয়রা (খুলনা) প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০২:৫০ পিএম

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে সৌদি প্রবাসী পরিবারের ওপর চাঁদার দাবিতে হামলার অভিযোগে স্থানীয়রা মানববন্ধন করেছে।

এ ঘটনায় প্রবাসী পরিবারের সদস্যদের মারধর ও নারীদের ওপরও হামলা চালানো হয়; আহতদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার দুপুরে কয়েক শত মানুষ মানববন্ধনে অংশ নিয়ে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল সরদার ও তার আপন ভাই মো. সাইফুল্লাহকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

গ্রামবাসীর অভিযোগ, দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকার সাতজন প্রবাসীর কাছ থেকে চাঁদা আদায় করছে। সাম্প্রতিক ঘটনায় সৌদি প্রবাসী মো. সোহরাব হোসেনের কাছে মোটরসাইকেল কেনার জন্য চাঁদা দাবি করলে তার ছোট ভাই এবাদুল হোসেনকে মারধর করে হাত ভাঙা হয়। এ সময় পরিবারের নারী সদস্যদের ওপরও হামলা চালানো হয়।

স্থানীয়রা জানান, সোহেল ও সাইফুল্লাহ একসময় ভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করলেও বর্তমানে খুলনা মহানগর বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। শুধুমাত্র গত মাসে তারা সাতটি প্রবাসী পরিবার থেকে প্রায় দুই লাখ টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসীরা দেশে ফিরে শান্তিতে থাকতে পারছে না। না দিলে হুমকি-ধমকি এবং শারীরিক নির্যাতন চলছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযুক্ত মো. সাইফুল্লাহ জানান, “আমাদের পরিবারের সঙ্গে বিরোধ থাকায় মিথ্যা অভিযোগ করা হচ্ছে। মারামারি হয়েছে, তবে তারা আমাদের দুই ভাই ও বাবাকেও মারধর করেছে।”

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রামবাসী আরও বলেন, সোহেল ও সাইফুল্লাহর দৌরাত্ম্যে তেঁতুলতলা গ্রামে স্থায়ী অশান্তি বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে প্রবাসীদের নিরাপদে থাকা কঠিন হয়ে পড়বে।

ইএইচ