খুলনার কয়রায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন কাকড়া ব্যবসায়ী দাউদ আলী (৩৮)।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে দাউদ আলী দেখা যায় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে বিছানায় শুয়ে আছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “প্রতিদিনের মতো ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা চার–পাঁচজন দুর্বৃত্ত রড, লাঠি ও হাতুড়ি দিয়ে আমাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেছে। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা প্রায় ৪৫ হাজার টাকা ও ব্যবসায়িক কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়েছে।”
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি কয়রায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর থেকেই দাউদ আলী প্রতিপক্ষের হুমকির মুখে ছিলেন। এ হামলাকে সেই হুমকির জের হিসেবে ধরা হচ্ছে।
দাউদের এক স্বজন বলেন, “আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে। সংবাদ সম্মেলনের পর ভয় দেখাতেই এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ