সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

রাজশাহী বোর্ডে এইচএসসিতে বড় ধস

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০২:২১ পিএম

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে ঘটেছে ফল বিপর্যয়। চলতি বছর বোর্ডটিতে পাসের হার নেমে এসেছে ৫৯ দশমিক ৪০ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী বোর্ডে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৭৪২ জন। জিপিএ–৫ অর্জন করেছে ১০ হাজার ১৩৭ জন।

ছাত্রদের মধ্যে পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ–৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীদের অগ্রাধিকার দেখা গেছে—ছাত্রদের মধ্যে জিপিএ–৫ পেয়েছে ৪ হাজার ৪৫৫ জন এবং ছাত্রীদের মধ্যে ৫ হাজার ৬৮২ জন।

রাজশাহী বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ এবং ২০১৯ সালে ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ।

বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে ফল প্রকাশ করা হয়। 

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে (৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা বোর্ড মিলিয়ে) গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় জাতীয়ভাবে পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

ইএইচ