ফরিদপুরে তুরাগ হত্যা মামলার আসামি ফারুক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৫:২৮ পিএম

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ (২২) হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. ফারুক ওরফে চেরয়া ফারুককে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার, তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলীপুর কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি ফরিদপুর কোতোয়ালি থানার করিম শেখের ছেলে মো. ফারুক ওরফে চেরয়া ফারুককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ জানায়, গত ১১ অক্টোবর ফরিদপুরের কোতয়ালী থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদক ব্যবসার ভাগাভাগি ও কর্তৃত্ব নিয়ে বিরোধের জেরে ওই নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়। ওইদিন বিকেলে বাসা থেকে বের হওয়ার পর স্থানীয় কানা তুষার গ্রুপের সদস্যরা কৌশলে ভিকটিমকে গোবিন্দপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে এবং তার এক হাত কেটে নিয়ে যায়। হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে বাগানের ভিতরে কলার পাতার নিচে চাপা দিয়ে রাখে। ওই ঘটনায় নিহতের বাবা ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা’র অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে এবং উপরোক্ত আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি ফারুককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

জেএইচআর