ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি বাপ্পি আহমেদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, উপজেলা কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় আত্মহত্যা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন ব্যবহারে পরিবারের ও সমাজের সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সামাজিক প্রতিরোধ, সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন, তারুণ্য মেলা আয়োজন এবং শিক্ষামূলক কার্যক্রম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভার শেষে ইউএনও খাদিজা আক্তার বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সবসময় তৎপর, তবে সামাজিক সচেতনতা ছাড়া শুধু আইনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন এবং উপজেলা ও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
জেএইচআর