সংসদ নির্বাচন

গোপালগঞ্জ-৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

আবুল কালাম মৃধা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৩:৫৯ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রার্থীরা তাদের প্রচারণা ত্বরান্বিত করেছেন। নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে আসনে ত্রিমুখী লড়াই হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বিএনপি মনোনীত প্রার্থী, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, জামায়াত ইসলামের জেলা আমির এমএম রেজাউল করিম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ এলাকায় হাট-বাজার, পাড়া-মহল্লা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছেন।

কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনে মোট ভোটারের অর্ধেকেরও বেশি হিন্দু ভোটার থাকায় প্রার্থীরা বিশেষভাবে তাদের টানতে বিভিন্ন কৌশল গ্রহণ করছেন।

বিএনপি প্রার্থী এসএম জিলানী বলেন, একবার আমাকে সংসদে নির্বাচিত করার সুযোগ দিন, আমি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সুখ-দুঃখে পাশে থাকব।

জামায়াতের এমএম রেজাউল করিম ভোটারদের কাছে দোয়া চেয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া হবে বৈষম্যহীন, অসম্প্রদায়িক, দূর্ণীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত মডেল উপজেলা।

ইসলামী আন্দোলনের ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রচারণা চালিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়ার কারণে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের মধ্যে ত্রিমুখী লড়াই হবে।

জেএইচআর