কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডের লালনশাহ সেতু মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার বীজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সিয়াম শেখ (১৯) এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রশিদ (১৯)। সিয়াম শেখ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ক্যানেলপাড়া হাসপাতাল রোডে জনৈক হোসেন আলীর দোকানের সামনে একটি যাত্রী ছাউনির পাশ দিয়ে ভেড়ামারাগামী একটি মিনি ট্রাকের (ঢাকা মেট্রো ন ১১-৭৭০৭) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় চালক সিয়াম শেখ ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত আব্দুর রশিদকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর