আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু, চালক আটক

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা) প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৩:৩৩ পিএম

ঢাকার আশুলিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তাঞ্জিলা বেগম (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহত তাঞ্জিলা বেগম গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড নামক একটি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা না গেলেও কারখানার পরিচয়পত্র থেকে পেশা ও কর্মস্থল নিশ্চিত হওয়া গেছে। আটক ট্রাকচালকের নাম আব্বির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাঞ্জিলা বেগম শ্রীপুর এলাকা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক যোগে ডিইপিজেডের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২৫০৩৩) ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর