শিগগিরই তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সুষম উন্নয়নের প্রতিচ্ছবি দেখবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
শুক্রবার দুপুর দেড়টায় রাঙামাটি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম রাঙামাটি সফর। সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, আমাদের নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমরা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। আগে কাজ করে দৃশ্যমান পরিবর্তন আনতে চাই, এরপর জনগণের সামনে তার ফলাফল উপস্থাপন করব বলে তিনি উল্লেখ করেন।
পার্বত্য মন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি রাঙামাটিবাসীর দীর্ঘদিনের দাবি কাপ্তাই-রাজস্থলী ও বান্দরবানের সংযোগ সেতু প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পগুলো সম্পন্ন হলে পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একই সাথে তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রেখে রাঙামাটির বিএনপি পরিবারকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এলাকার সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) অরূপ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ ছাড়া পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
জেএইচআর