বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে বিএনপি প্যানেল বিজয়ী

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৫:৪৩ পিএম

প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল না থাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই প্যানেল থেকে অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু সভাপতি এবং অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাবর বেপারী। এ সময় রিটার্নিং অফিসার অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহদি হাসানসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ ও অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী ও অ্যাডভোকেট মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট বিবি হাওয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি পৃথক প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছিল। ৫ মার্চ নির্বাচনের নির্ধারিত তারিখ থাকলেও গত ১ মার্চ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই  এমন অভিযোগ এনে জামায়াত সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ’ তাদের পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিএনপি সমর্থিত প্যানেলটিকে বিজয়ী ঘোষণা করা হয়। উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৮২ জন।

জেএইচআর