মেহেরপুরে ২৭ বোতল এসকাফ ও মেলিয়েট সিরাপ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:৪৮ পিএম

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে কোডিন ফসফেটযুক্ত ২১ বোতল এসকাফ ও ৬ বোতল মেলিয়েট সিরাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে মেহেরপুর শহরের কাশ্যবপাড়া এলাকায় হাবিবুর রহমান নামক এক ব্যক্তির বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযুক্ত হাবিবুর রহমান ওই এলাকার সেলিমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাবিবুর দীর্ঘ দিন ধরে ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি আভিযানিক দল তাঁর বাড়িতে হানা দেয়। এ সময় তল্লাশি চালিয়ে হাবিবুরের শয়নকক্ষে থাকা ফ্রিজের কম্প্রেসারের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বোতলগুলো উদ্ধার করা হয়।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত হাবিবুর রহমান পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, হাবিবুর মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সীমান্তবর্তী জেলা মেহেরপুরে মাদকের অবৈধ প্রবেশ ঠেকাতে এমন ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সঙ্গে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জেএইচআর