পদ্মার দুই কাতলেই বাজিমাত, ৯১ হাজারে বিক্রি

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)  প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৪৯ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে দুই জেলের জালে ২৮ কেজি ৫০০ গ্রাম ও ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির দুটি কাতল মাছ ধরা পড়েছে।

শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়ত থেকে মাছ দুটি মোট ৯১ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাঁদের সহযোগীদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন। ভোরের দিকে জাল টানতেই বড় সাইজের দুটি কাতল ধরা পড়ে। মাছ দুটি বিক্রির জন্য সকালে রেজাউল মন্ডল ও আনু খাঁর মৎস্য আড়তে আনা হলে উন্মুক্ত নিলাম শুরু হয়।

নিলামে সাড়ে ২৮ কেজি ওজনের কাতলটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৬২ হাজার ৭০০ টাকায় এবং ১৮ কেজির কাতলটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, বিশাল আকৃতির এই মাছ দুটি সচরাচর দেখা যায় না। মাছ দুটি বিক্রির জন্য তিনি দেশের বিভিন্ন স্থানে অনলাইনে যোগাযোগ করছেন। সামান্য কিছু লাভ পেলেই তিনি মাছ দুটি ঢাকার বড় কোনো ব্যবসায়ী বা শৌখিন ক্রেতার কাছে বিক্রি করে দেবেন। বড় মাছ ধরার পড়ার সংবাদে ঘাটে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

জেএইচআর