৫ ঘণ্টা পর ফেনী ছাড়লো চট্টলা এক্সপ্রেস

ফেনী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৪:৪১ পিএম

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ফেনী রেলওয়ে স্টেশনে দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা আটকে থাকার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে ট্রেনটি ফেনী প্ল্যাটফর্ম ত্যাগ করে।

মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনী স্টেশনে ট্রেনটি পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে ধোঁয়া বের হতে থাকে। এতে ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়েন।

ইঞ্জিনের ত্রুটি সমাধানের চেষ্টা করার সময় ধোঁয়ার কবলে পড়ে সহকারী লোকোমাস্টার (এএলএম) মোহাম্মদ কাওসার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম জানান, ধোঁয়ায় ওই কর্মকর্তার মুখ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ার পর লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন আনা হয়। ত্রুটি মেরামত শেষে দুপুর ১টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার পথে রওয়ানা হয়। 

তিনি আরও জানান, চট্টলা এক্সপ্রেস স্টেশনে আটকে থাকলেও বাকি দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে না পেরে অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে চলে গেছেন।

জেএইচআর