গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩ দশমিক ৫০ গ্রাম হেরোইনসহ আপন ভাই-বোনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ থানার থানাপাড়া এলাকায় জনৈক এক ব্যক্তির চা-বিস্কুটের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি সমন্বিত দল এই রেইডিং কার্যক্রমে অংশ নেয়।
অভিযান চলাকালে মোছা. হাছিনা আকতার (৩০) ও তার ভাই মো. জাকিরুল ইসলাম হৃদয়কে (২০) আটক করা হয়। এ সময় হাছিনা আকতারের হাতে থাকা একটি সিগারেটের প্যাকেট তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই উদ্ধারকৃত আলামত জব্দ ও সিলগালা করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালনা করবে।
জেএইচআর