বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের ভূমি অফিস পরিদর্শন ও রেকর্ড রুমের উদ্বোধন

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১০:১৭ পিএম

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে পরিদর্শনকালে তিনি উপজেলা ভূমি অফিসের রেকর্ড রুমের নবনির্মিত সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেজিস্টার সংরক্ষণ ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি ভূমি সেবা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে তিনি ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে ভূমি সংক্রান্ত সেবাদান কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে মাঠপর্যায়ে সেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, ভূমি অফিসের রেকর্ড সংরক্ষণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে রেকর্ড রুমের সম্প্রসারিত অংশ নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসকের এই পরিদর্শন ভূমি প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর