উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:৩১ পিএম

কুড়িগ্রামের উলিপুরে কেসি রোডে হেলিপ্যাড হতে আমিন মোড় পর্যন্ত ৩.৩ কিমি বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর বণিক সমিতির আয়োজনে মসজিদুল হুদার সামনে (গবা মোড়) গণস্বাক্ষরসহ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলার রাজিবপুর, রৌমারী, চিলমারী এ তিন উপজেলার মানুষের জেলায় প্রবেশের প্রবেশদ্বার উলিপুর উপজেলা। এ উপজেলাটিতে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে, যেখানে প্রায় ৫ লাখেরও বেশি মানুষের বসবাস। এত বড় উপজেলার পাশাপাশি তিন উপজেলার মানুষের চলাচলের জন্য উলিপুর শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন ধরে সকাল, দুপুর ও মধ্যরাত পর্যন্ত কেসি রোডে যানজট লেগেই থাকে। ভারী যানবাহন থেকে লোড-আনলোড করার তেমন সুব্যবস্থাও নেই এই সড়কে। মানুষের জীবনমান কিছুটা উন্নত হলেও কেসি রোডের প্রশস্ততা না বাড়ায় যানজট লেগেই থাকে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

দীর্ঘ সময়ের যানজটের কারণে বিশেষ মুহূর্তে ফায়ার সার্ভিসের যথাযথ সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের মানুষ। চিলমারী ও উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী পরিবাহী অ্যাম্বুলেন্স ও ভারী পরিবহন, যাত্রীবাহী গাড়িগুলোও আমিন মোড় থেকে হেলিপ্যাড পর্যন্ত জ্যামে আটকে যায়। ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় এই জ্যামে। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তি হয়। সাধারণ পথচারীরাও প্রতিদিন এই দুর্ভোগে পড়েন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে উলিপুরবাসীর পক্ষে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে বণিক সমিতি এ মানববন্ধন করে।

মানববন্ধনে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা উলিপুর উপ-কমিটির সভাপতি হামিদুর রহমান লিটন এর সঞ্চালনায় সাবেক পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরীর নেতৃত্বে বক্তব্য রাখেন বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র হায়দার আলী মিয়া, জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য আব্দুল জলিল সরকার, উপজেলা এনসিপির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন, শিক্ষক নেতা অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিনের উলিপুরবাসীর দাবি ও চেষ্টার ফসল হিসেবে সরকার ৩.৩ কিমি বাইপাস সড়কের অনুমোদনসহ একনেকে ৬৬ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। অথচ হাতেগোনা কয়েকটি পরিবার ব্যক্তিগত স্বার্থে এই বাইপাস সড়ক বাস্তবায়ন বন্ধ করতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। যারা উন্নয়ন বাধাগ্রস্ত করছে তাদের তীব্র নিন্দা জানাই।

বক্তারা আরও বলেন, বাইপাস সড়ক বাস্তবায়নে কোনো গড়িমসি করা হলে আজকের মানববন্ধনের চেয়েও বড় কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, ৪ জুন উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির দাবিতেও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।

এএন