নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে কর্মসূচির শুরুতে মাগুরা জেলা যুবদলের সভাপতি কল্লোল ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের নেতৃত্বে একটি মোটরসাইকেল র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা যুবদলের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল। তিনি বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি রাজপথে রয়েছে। দেশের জনগণ যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মাগুরা জেলা যুবদলের অন্যতম নেতা কাজী সানাউল হক তন্ময়। তিনি বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।”
সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
এএন