আকস্মিক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০১:১৮ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরাসরি গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান এবং প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।

মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি পায়ে হেঁটে প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং চলমান মহড়ার বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) প্রধানমন্ত্রীর কাছে প্রশিক্ষণের অগ্রগতি, কৌশলগত প্রস্তুতি এবং পরিচালনাগত বিষয়গুলো তুলে ধরেন। এ সময় তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণের কৌশল, রণনীতি, বিভিন্ন সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথাও বলেন।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখে। জাতীয় সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সেনানিবাসে ফিরে পূর্ণোদ্যমে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করছেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত দক্ষতা ও সাফল্যের ধারাবাহিক অগ্রগতি কামনা করেন।

এএন