কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:০২ পিএম

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম জি