ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে দেশের অন্যতম বৃহৎ ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কোনো জাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অধিকাংশই নির্ভর করে সেই জাতির গণিতে দক্ষতার ওপর।" তিনি বলেন, এই কার্নিভাল শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণদের যুক্তিবাদী ও বিশ্লেষণী মনন গড়ে তোলার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
উপাচার্য আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের ভিত্তি পরিসংখ্যান, ক্যালকুলাস ও লিনিয়ার অ্যালজেব্রা। তথ্য নিরাপত্তা ও সাইবার সিকিউরিটির মূলে রয়েছে সংখ্যাতত্ত্ব ও ক্রিপ্টোগ্রাফি। মহাকাশ গবেষণা, জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস, জিনোম সিকোয়েন্সিং এবং প্রকৌশলের জটিল নকশাসহ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রেই গাণিতিক মডেলিং অপরিহার্য।
তিনি বলেন, ডুয়েট প্রকৌশল শিক্ষার পাশাপাশি মৌলিক বিজ্ঞান ও গণিতচর্চাকে সমান গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি ও সৃজনশীল চিন্তার বিকাশে প্রতিবছর এ ধরনের কার্নিভাল আয়োজনের বিকল্প নেই। এ আয়োজনের জন্য তিনি গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দেশের নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে সকালে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে কার্নিভালের উদ্বোধন করেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। তিনি বলেন, "গণিত হলো বিজ্ঞানের ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে রোবোটিক্স-সব আধুনিক প্রযুক্তির ভিত্তি গাণিতিক মডেলিং ও যুক্তিনির্ভর চিন্তাভাবনা।" তিনি শিক্ষার্থীদের স্কুলজীবন থেকেই গণিতের প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ডুয়েটের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, অধ্যাপক ড. মো. আজমল হোসেন, অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পরিচালক (অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল হক।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এছাড়া ম্যাথ ক্লাবের সভাপতি আবদুল ওয়াদুদ রতন ও সাধারণ সম্পাদক মো. রাফিউজ্জামান বক্তব্য রাখেন।
কার্নিভালে দেশের প্রায় ১৫০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত এক হাজারেরও বেশি শিক্ষার্থী গণিত অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং ম্যাথ গেমসসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এ কার্নিভালের সমাপ্তি ঘটে।
এম জি