পাটমন্ত্রী

সরকারি পাটকল স্থাপনের পরিকল্পনা নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৪২ পিএম

সরকারিভাবে দেশে নতুন কোনো পাটকল স্থাপনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেছেন, নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করে এ খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোই সরকারের মূল লক্ষ্য।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

মন্ত্রী জানান, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি মিলের মধ্যে বর্তমানে ৯টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালু রয়েছে। সরকারের ৩১ দফা কর্মপরিকল্পনার আলোকে আগামী ডিসেম্বরের মধ্যে আরও মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালু করার আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, পাটশিল্প পুনরুজ্জীবনের লক্ষ্যে সরকার ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে, যা আগামী ৩০ জুন শেষ হবে। পরবর্তী সময়ে একই ধরনের কার্যক্রম রাজস্ব বাজেটের আওতায় চালু রাখার পরিকল্পনা রয়েছে।

২০২০ সালের ১ জুলাই সরকারি সিদ্ধান্তে বিজেএমসির ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়। পরে ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারার মাধ্যমে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ১৪টি মিলের ইজারা সম্পন্ন হলেও ৯টি মিল ইতোমধ্যে চালু হয়েছে। অবশিষ্ট মিলগুলোর ইজারা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

ইজারা বহির্ভূত পাঁচটি মিলের মধ্যে তিনটি সিটি করপোরেশনের আওতায় এবং দুটি মামলা সংক্রান্ত জটিলতার কারণে অন্তর্ভুক্ত হয়নি।

মন্ত্রী পুনর্ব্যক্ত করে বলেন, নতুন কোনো সরকারি পাটকল স্থাপনের উদ্যোগ নেই; বরং বেসরকারি খাতকে উৎসাহিত করেই পাটশিল্পকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এম জি